ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করে। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে।