চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা ঘাট এলাকায় বালুবাহী ট্রাক্টরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আবুল আক্তার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দেবীনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল আক্তার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আবুল আক্তার ট্রাক্টরে করে বালু নিয়ে হড়মা ঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে ট্রাক্টরের সামনের একটি চাকা হঠাৎ ফেটে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।