Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩

ছবি: সারাবাংলা

ঢাকা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে সারাদেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া দফতর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানায়, শুক্রবার দুপুরে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঝরতে পারে। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং সামনে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সারাদেশে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির আভাস মিলেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর