Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউগিনি প্রোপার্টিজের ঘটনায় প্রকাশিত সংবাদ নিয়ে এমপি গফুরের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৬

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।

কুষ্টিয়া: ঢাকার মাটিকাটা এলাকায় নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় মিজানুর রহমানের গ্রেফতারকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। ঢাকার মাটিকাটা এলাকায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারিভাবে বরাদ্দ পাওয়া ‘ন্যাম ভবন’-এ অবস্থান করেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সংসদ সদস্য আব্দুল গফুরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি।

আব্দুল গফুরের দাবি, মিজানুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক। এর সঙ্গে তার ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে ওই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গিনি প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটির কাছে তার পাওনা টাকা বকেয়া থাকায় তিনি তা আদায়ের জন্য আইনানুগ ব্যবস্থা নিয়ে থানায় মামলা করেন। পরে প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন বলে বিবৃতিতে দাবি করা হয়।

বাকি টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে পরবর্তীতে সাইফুল ইসলাম পালটা মামলা করেন এবং ওই মামলা পরে খারিজ হয়ে যায় বলেও দাবি করা হয়েছে।

আব্দুল গফুর আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা তার জানা নেই। তার দাবি, বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে ‘নিউ গিনি প্রোপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামী এবং তাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন এবং দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেক্ষ, রাজধানীর মানিকদি নামাপাড়া নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মিজানুর রহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। এ নিয়ে ওই ঘটনায় ৬ জন গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর