চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এর মধ্যেই আরও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে পূজার সামগ্রীর পাশাপাশি তিনটি ঘটের সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও লকেট নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়া ’শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী মন্দিরে’ এ চুরির ঘটনা ঘটে।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার বিভিন্ন সামগ্রী, তিনটি ঘট এবং ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে যায়। এসব স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি।
মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ধর বলেন, ‘মন্দিরের পূজার জিনিসপত্র, তিনটি ঘট এবং ঘটের গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে গেছে। আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ ছিল। এমনকি আজকের পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও তারা রেখে যায়নি।’
এর আগে গত (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে ও চুরির ঘটনা ঘটে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, ‘দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, `পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় দিনদুপুরেও চুরির ঘটনা ঘটছে। সাম্প্রতিক এসব ঘটনায় ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বাসিন্দাদের মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতি নিয়ে উদ্বেগ বাড়ছে।তাদের দাবি,ছিনতাই রোধে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও অপরাধীদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।