Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের কৃতজ্ঞতা

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৬ ১০:৪৪

চট্টগ্রাম:কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ১ হাজার ২০০ কৃষক-কিষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উপস্থিত কৃষক-জনতার উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি।তিনি বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিগত মাত্র ৭ মাসে যে অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছে, তা গত ১৭ বছরেও সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, হাটহাজারী ও বায়েজিদসহ চট্টগ্রাম-৫ আসন তথা সমগ্র চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকপ্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে আজ প্রায় ১২০০ কৃষক-কিষাণী ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন।

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর