Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি: সরোয়ার আলমগীর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১০:১৫

চট্টগ্রাম: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদীয় এলাকার এ সভা অনুষ্ঠিত হয়।

সরোয়ার আলমগীর বলেন, সংসদীয় এলাকার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাহাড়ি-সমতল কিংবা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান, সবাইকে নিয়েই বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্যের একপর্যায়ে সরোয়ার আলমগীর বলেন, ডিসেম্বর ডিসেম্বর করে লাভ কী, আপনাকে যেতে কে বলেছে, আসতে কে বলেছে। এ দেশের জনগণ আপনাকে প্রতিহত করবে। ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।

সভায় বক্তব্য দেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) রফিকুল ইসলাম, ভুজপুর থানার এসআই মাহবুব, নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজ, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী ও হামিদ চৌধুরী, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির দে, দয়াল রায়, ফটিকছড়ি থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, পণ্ডিত লিংকন চক্রবর্তী ও সুজন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, সংসদীয় এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় এবার মোট ১২৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফটিকছড়ি উত্তর উপজেলায় রয়েছে ৫৩টি পূজামণ্ডপ। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, নাছির উদ্দীন, মোজাহারুল ইকবাল লাভলু, রুপন ভৌমিক, রক্সি ঘোষ, উজ্জ্বল নাথ, অজিত দে সুজন, মিন্টু নাথসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

বিশ্বে বায়ুদূষণে ২য় ঢাকা
৫ অক্টোবর ২০২৬ ১০:০৯

আরো

সম্পর্কিত খবর