ঢাকা: বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদীর তীর সংরক্ষণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লার (Satya Srinivas Lolla) সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
এডিবির নির্বাহী পরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবি’র সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।
এডিবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মোহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।