ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আবারও পালিয়েছেন শরিফুল ইসলাম নামে এক আসামি। এর আগে গত বছরের জুনেও আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম-এর আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার সময় কৌশলে পালিয়ে যান শরিফুল।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
শরিফুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানায় দায়ের হওয়া জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
এর আগে গত বছরের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে পালিয়ে যান শরিফুল ইসলাম।
সেদিন হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
একই আসামি এক বছরের ব্যবধানে আবারও আদালত থেকে পালিয়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।