Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রী-সন্তানদের খরচ না দিয়ে দ্বিতীয় বিয়ে, ঘুমন্ত অবস্থায় স্বামীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৭:০৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৭

স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রী রত্না (ইনসেটে) – ছবি : সংগৃহীত

ঢাকা: স্ত্রী ও দুই সন্তানদের গ্রামে পাঠিয়ে দিয়ে পরবর্তীতে তাদের খরচ না দিয়ে দ্বিতীয় বিয়ে করে বসবাস করছিলেন স্বামী মো. হারুন (৩৫)। আর এই ঘটনা কেন্দ্র করে ঢাকার সাভারের আশুলিয়ায় ঘুমন্ত অবস্থায় হারুনকে হত্যা করে তার প্রথম স্ত্রী রত্না (৩২)। এ ঘটনায় রত্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৩ নভেম্বর আশুলিয়ার মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে মো. হারুন নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন মোসা. সাজেদা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই মামলার গুরুত্ব বিবেচনায় ৭ নভেম্বর পিবিআই স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, গত ৬ নভেম্বর আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত স্ত্রী মোসা. রত্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত হারুনের ব্যবহৃত সিম কার্ডসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী তিনি স্বামী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

হত্যার কারণে বিষয়ে তিনি বলেন, তদন্ত ও আসামির জবানবন্দিতে জানা যায়, ২০০৯ সালে হারুন ও রত্নার বিয়ে হয় এবং তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। হারুন আশুলিয়ায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন। একপর্যায়ে তিনি স্ত্রী-সন্তানদের গ্রামে পাঠিয়ে দেন এবং খরচ দেওয়া বন্ধ করে দেন। খোঁজ নিয়ে রত্না জানতে পারেন, হারুন আশুলিয়ায় আরেকটি বিয়ে করে সংসার করছেন। পরবর্তীতে রত্না নিজেও আশুলিয়ায় এসে গার্মেন্টসে চাকরি শুরু করেন। গত ৩১ অক্টোবর রাতে হারুন তার দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চাইলে রত্না বাধা দেন। এতে দুজনের মধ্যে তীব্র বিরোধ ও বাকবিতণ্ডার একপর্যায়ে হারুন রত্নার চুলের মুঠি ধরে সজোরে লাথি মারেন। এরপর গত ১ নভেম্বর রাত ২টার দিকে স্বামী হারুন গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় রত্না রান্নাঘরের শিল দিয়ে তার মাথা, মুখ ও শরীরে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। হত্যার পর ঘরের দরজায় তালা লাগিয়ে রত্না পালিয়ে যান।

পিবিআই এর এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর