Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৭:৩৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সংসদ ভবনে অনুষ্ঠিত এক  বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।  কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম, মো. সাইফুল আলমসহ অন্যান্য সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সার্বিক পরিকল্পনা ও সম্ভাব্যতা তুলে ধরতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উপযোগী ফাঁকা ও অব্যবহৃত জায়গার পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যুতের প্রকৃত চাহিদা ও কারিগরি সক্ষমতা বিচার করে সৌরবিদ্যুতের উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ যথাযথভাবে অনুসরণ করে বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কারিগরি বা স্পেসিফিকেশন কমিটি গঠন করা হবে। এছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার জন্য সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলমের সমন্বয়ে একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে।

সভায় ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর