Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৯:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ১৯:২৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) ও বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করা হয়েছে। সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর)  সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সমঝোতা স্মারকের আওতায় সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (TMC) সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন (ANPR), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (WIM) এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (ITS) মাধ্যমে সংগৃহীত তথ্য হাইওয়ে পুলিশ ব্যবহার করতে পারবে। এর ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো ট্রাফিক অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।

সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইমে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারক সইয়ের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় API Link ও কারিগরি নির্দেশনা প্রদান করবে। এ ব্যবস্থায় হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডাটাবেজ থেকে শুধু তথ্য দেখার (Read Only) সুযোগ পাবে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার হবে। এর ফলে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে বলে আশা করছে সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর