।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাইবান্ধা: একাদশ জাতীয় সংসদে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনে ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। রোববার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মতিন ডা. ইউনুস আলীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
দুই উপজেলার ১৩২টি ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিলারা খন্দকার শিল্পী পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় শেষ হয়। সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোট দেন ভোটাররা। দিনভর ভোট গ্রহণে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে ভোটকেন্দ্র দখল, ব্যালটে সিল মেরে বাক্স ভর্তিসহ অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তুলে দুপুর আড়াইটার দিকে ভোট বর্জন করেন জাসদের প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি।
এছাড়া, সাদুল্যাপুরের কান্তনগর বিণয়ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বোরকা পরে নারী সেজে ভোট দেওয়ায় রওশন আলম মণ্ডল (৪০) নামে একজনকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ইসি নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করে।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।
সারাবাংলা/এমআই/এমএনএইচ