।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর থেকে সিয়াম (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকালে শহরের ডিআইটি কলোনি থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের জানিয়েছে, তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সিয়ামের বাবার নাম সোহেল মিয়া। ফতুল্লার দেওভোগ লিচুবাগান এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করেন সোহেল। সিয়াম শহরের উকিলপাড়া এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতো।
তার স্বজনরা জানান, রোববার রাত ৯টায় কারখানা থেকে বের হয় সিয়াম, তবে বাড়ি ফেরেনি। সোমবার সকালে বিভিন্ন জায়গায় সিয়ামের খোঁজ করা হয়। এ সময় তারা জানতে পারেন, কলোনির পেছনে এক তরুণের মরদেহ পড়ে আছে। পড়ে তারা মরদেহ শনাক্ত করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এটি