Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিত্যে এবার নোবেল পুরস্কার স্থগিত


৪ মে ২০১৮ ১৩:৫৫ | আপডেট: ৪ মে ২০১৮ ১৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ঢাকা: যৌন হয়রানির অভিযোগ নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কিত পরিস্থিতিতে এ বছর সাহিত্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না বলে জানিয়েছে দ্য সুইডিশ অ্যাকাডেমি। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়ার রীতি চলে আসছে। এই ধরনের ঘটনার এবারই প্রথম।

শুক্রবার (৪ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সুইডিশ অ্যাকাডেমি আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দু’টি পুরস্কার একবারে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সংকট সৃষ্টি হওয়ার পরে অ্যাকাডেমির প্রধান এবং আরও চার সদস্য অংশগ্রহন করবেন না বলে জানান।

অ্যাকাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসার পর এই সিদ্ধান্ত আসে। ঐতিহ্য ধরে রাখতে পুরস্কার ঘোষণা করা উচিৎ বলে মত দেন কয়েকজন সদস্য, তবে অধিকাংশরাই এর বিরোধিতা করেন। ছয় বছর বিশ্বযুদ্ধ চলাকালে এবং ১৯৩৫ সালে কেউ বিজয়ী মনোনীত না হওয়ায় পুরস্কার দেওয়া হয়নি। ছয় ক্যাটাগরির নোবেল পুরস্কারের মধ্যে ৫টি পুরস্কার নরওয়েজিয়ান একাডেমি থেকে দেওয়া হলেও সাহিত্য পুরস্কার ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

বিজ্ঞাপন

গত বছরের নভেম্বর মাসে ফ্রেঞ্চ আলোকচিত্রী জন-ক্লুড আরনল্ত যখন সুইডিশ অ্যাকাডেমির অর্থায়নে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে কাজ করছিলেন, তখন তার বিরুদ্ধে ১৮জন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আসে। বিতর্কের শুরু হয় তখন থেকেই। যদিও আরনল্ত সেসব অভিযোগ অস্বীকার করেন। এরপর আরও কিছু অভিযোগ আসে।

তার স্ত্রী, কবি এবং লেখক ক্যাতারিনা ফ্রোসতেনসনকে কমিটি থেকে বাদ হবে কি না- তা জানতে ভোট নেয় সুইডিশ অ্যকাডেমি। এই ঘটনা ছাড়াও নোবেল বিজয়ী নাম আগেই ফাঁস করা নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে বিভক্তির সৃষ্টি হয়।

বর্তমানে ১১জন সদস্য রয়েছেন। তাদের একজন কার্সতিন ইয়েকমান ১৯৮৯ সালে সালমান রুশদি ইস্যুর পর থেকেই প্রায় নিস্ক্রিয়। আর বিধি অনুযায়ী, নতুন সদস্যের ক্ষেত্রে ১২ জনের ভোট দরকার হয়। কোরাম পূরণ হতেওই এই সংখ্যক সদস্য দরকার হয়।

অ্যাকাডেমির বিধি অনুযায়ী, আজীবন সদস্য নিয়োগ দেওয়া হয় এবং কেউ চাইলেই পদত্যাগ করতে পারেন না। তবে কোনো সদস্য চাইলে অংশ নাও নিতে পারেন। এসব ঘটনার পরে অ্যাকাডেমি বিধি পরিবর্তন করার কথা ভাবছে। নতুন বিধিতে কেউ চাইলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারবেন।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook