।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: ২৩ দিন ধরে নিখোঁজ ছাত্র ইউনিয়নের সাবেক কর্মী ও সঙ্গীত শিক্ষক মনিকা রাধার নিখোঁজ রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা। অবিলম্বে মনিকার সন্ধান দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।
শনিবার (০৫ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মনিকার স্বামী ক্রীড়া সংগঠক ও সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুসহ তার পরিবারের সদস্যরাও উপস্থিত হয়েছিলেন।
মানববন্ধনে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘২৩ দিন ধরে এই রাষ্ট্রের একজন নাগরিক নিখোঁজ আছেন। রাষ্ট্রের এতগুলো সংস্থা আছে, কেউ তার খোঁজ দিতে পারছে না। রাষ্ট্র তার একজন নাগরিকের বিষয়ে এমন অক্ষমতা দেখাতে পারে না। রাষ্ট্র তার একজন নাগরিকের বিষয়ে এমন উদাসীনতা প্রকাশ করতে পারে না।’
তিনি বলেন, ‘অনেক সময় পার হয়েছে। নিখোঁজ মনিকার সন্ধান পেতে আর কালক্ষেপণ নয়। আজ নাগরিকরা মনিকার জন্য রাস্তায় দাঁড়িয়েছেন। অর্থাৎ রাষ্ট্রের উদাসীনতায় নাগরিকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। এই রাষ্ট্রের নাগরিক সমাজ এখনও এত নষ্ট হয়ে যায়নি কিংবা অক্ষম হয়ে যায়নি যে একজন নিখোঁজ মানুষের জন্য চাপ সৃষ্টি করতে পারবে না। নাগরিকদের বিশাল চাপ তৈরির আগেই মনিকাকে খুঁজে বের করতে হবে।’

মানববন্ধনে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, ‘সুগভীর কোনো চক্রান্ত কিংবা দুর্ঘটনায় না পড়লে একজন মানুষ ২৩ দিন ধরে নিখোঁজ থাকতে পারে না। আমরা শুনেছি, প্রশাসন মনিকাকে খুঁজে পেতে চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা দৃশ্যমান নয়। আমাদের মনে হচ্ছে, প্রশাসনের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। লুকোচুরির সংস্কৃতি থেকে প্রশাসনকে বের হয়ে আসতে হবে।’
কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, ‘বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি লক্ষ করছি। আমরা মনে করি, বিচারহীনতার সংস্কৃতির কারণেই প্রতিদিন সংবাদপত্রের পাতায় আমাদের খুন-ধর্ষণ, নারীর ওপর সহিংসতার এক ধরনের উৎসবের খবর পড়তে হয়। আমাদের শঙ্কা হচ্ছে, মনিকা রাধার ক্ষেত্রেও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কী-না। এক্ষেত্রে গণমাধ্যমেরও মুখ্য ভূমিকা আছে। তবে কিছু কিছু ঘটনায় গণমাধ্যমও অসহায় হয়ে পড়ে। আমরা জানি, রাষ্ট্রের সক্ষমতা অসীম। এই রাষ্ট্র নিখোঁজ মনিকার সন্ধান দেবে, এটাই আমরা বিশ্বাস করতে চাই।’
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মনিকার স্বামী দেবাশীষ বড়ুয়া ও স্বজন মৌসুমী সেন কান্নায় ভেঙে পড়েন।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গনেশ চন্দ্র রায়, প্রবীণ শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা, নারীনেত্রী রেখা চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, ছাত্র ইউয়িনের নেতা অটল ভৌমিক ও মেহেদী হাসান নোবেল, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা সিতারা শামীম, বীরকণ্যা প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদের মহাসচিব প্রকৌশলী পুলক বড়ুয়া, খেলাঘর চট্টগ্রামের সহ-সভাপতি অধ্যাপক রোজী সেন, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু, বাকবিশিস চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ।
সারাবাংলা/আরডি/একে