Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে র‌্যাবের অভিযান, প্রতিবাদে ওষুধ মার্কেট বন্ধ


৮ মে ২০১৮ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে রাতভর র‌্যাবের অভিযানের প্রতিবাদে ওষুধ মার্কেট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। সোমবার (৭ মে) দিবাগত রাতে এই অভিযান চালায় র‌্যাব। প্রতিবাদে মঙ্গলবার (৮ মে) সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে ওষুধ মার্কেট।

ব্যবসায়ীদের দাবি, তাদের কিছু না জানিয়ে হরহামেশাই ওষুধ মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করলেও অভিযানের নামে তাদের হয়রানি করা হয়।

হাসিবুর রহমান নামে একজন ব্যবসায়ী সারাবাংলা’কে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানি বন্ধ করতে হবে। আমরা ট্যাক্স দিয়েই ব্যবসা করি। এভাবে আমাদের হয়রানি করা যাবে না।’

বিজ্ঞাপন

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার বিকাল থেকেই অভিযান শুরু করা হয় ওই ওষুধ মার্কেটে। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে পাঁচ জনকে দুই বছর করে কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।

কারাদণ্ডাদেশ পাওয়া পাঁচ জন হলেন— খায়রুল ইসলাম রবিন (৩০), সুমিত দাস (৩০), দিপু বর্মন (২৫), আবিদ হোসেন (২২) ও আবদুস সাত্তার (৩৬)।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, অভিযানে নকল ভ্যাকসিন, নকল বিদেশি ওষুধ, এমনকি বিক্রি করা নিষিদ্ধ— এমন সরকারি ওষুধও পাওয়া গেছে। এ ছাড়া, প্রায় ১৫ কোটি টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।

অভিযানে র‍্যাব-৩-এর উপঅধিনায়ক মেজর রাহাতসহ বিভিন্ন পর্যায়ের ৮০ জন র‍্যাব সদস্য অংশ নেন।

সারাবাংলা/ইউজে/টিআর