।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নরসিংদী: নরসিংদীতে চালক হত্যা করে ইজিবাইক ছিনতাই এর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেওয়া তথ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১০টি ইজিবাইক উদ্ধার করে।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ্ আল মামুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া আসামিরা হলেন কুঁড়িগ্রামের কচাকাটা উপজেলার সাইফুল ইসলাম (২৮), গাজীপুরের কাপাসিয়া উপজেলার তুহিন মিয়া (১৯), নরসিংদীর মধ্য কাউরিয়াপাড়ার হৃদয় মিয়া (২২), মনোহরদীর চালাকচরের বুলবুল আহমেদ (২৫) ও মাধবদীর বড় গদাইরচরের রনি মিয়া (২৪)। তারা সবাই গত ২৯ এপ্রিল নরসিংদীর শীলমান্দি এলাকার ইজিবাইক চালক হাবিবুর রহমান এবং ১০ ফেব্রুয়ারি সদর উপজেলার দগরিয়া এলাকায় অজ্ঞাত এক ইজিবাইক চালক হত্যায় সরাসরি জড়িত ছিল। এরা অস্থায়ীভাবে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকত।’
নরসিংদী পুলিশ সুপার বলেন, ‘এরা সবাই ইজিবাইক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রটি নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের জেলায় একই কায়দায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করত। এই চক্রের সদস্যদের একাংশ ধরা পরেছে। বাকিদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।’
সারাবাংলা/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook