।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা: কুমিল্লার হোমনায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আসিফকে গ্রেফতার করেছে র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২)। শনিবার (১৯ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার (২০ মে) দুপুরে শাকতলায় সিপিসি-২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব।
ব্রিফিংয়ে সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মো. আতাউর রহমান জানান, আসিফের বাড়ি হোমনা উপজেলার মিরাশ গ্রামে। তার বাবার নাম মো. আলম মিয়া। গত ২৮ এপ্রিল সে একই গ্রামের ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা হোমনা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকে ধর্ষক আসিফ পলাতক ছিল। শনিবার র্যাব-১১-এর সিপিসি-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বরুড়া উপজেলার রামমোহন বাজারে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় আসিফকে।
মেজর আতাউর রহমান জানান, গ্রেফতারের পর আসিফকে বরুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর