Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন হয়নি কাজী কামালের


২৩ মে ২০১৮ ১৩:১৩ | আপডেট: ২৩ মে ২০১৮ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামালের জামিন আবেদন ৩১ জুলাই পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন হাইকোর্ট।

বুধবার (২৩ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কাজী কামালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, সঙ্গে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আদালত তার আবেদন স্ট্যান্ডওভার রেখেছেন ৩১ জুলাই পর্যন্ত। তার অর্থ তিনি জামিন পাননি। কারণ ৩১ জুলাইয়ের মধ্যে এ মামলার আপিল নিষ্পত্তি করতে সময় বেধে দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

এ মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়াসহ ছয়জনের মধ্যে কারাবন্দি তিনজনেরই আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

আদালত এই তিন আসামির আপিল শুনানি এবং খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদনসহ সবকটি আবেদন এক সঙ্গে শুনানি হবে।

এর আগে গত ৭ মার্চ মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ১০ মার্চ শরফুদ্দিনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

এ মামলায় পলাতক তিনজন হলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। বাকীদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

সারাবাংলা/এজেডকে/এমআই