।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার দেওয়ানজী পুকুর পাড়ে অভিজাত শাড়ির দোকান অর্ণব স্টোরে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ বিভিন্ন পোশাক জব্দ করা হয়েছে।
জব্দ করা পোশাকের দাম প্রায় কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব কর্মকর্তা মো.মোরশেদ আলী চৌধুরী।
শুক্রবার (২৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে ওই দোকান থেকে দুই ট্রাক পোশাক জব্দ করা হয়েছে।

রাজস্ব কর্মকর্তা মোরশেদ আলী চৌধুরী সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা অর্ণব স্টোর থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি এবং শাল পেয়েছি। এসব পোশাক ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা হয়েছে। বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব মালামাল এনেছে। তারা আমদানির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
জব্দ করা পোশাকের দাম কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন মোরশেদ আলী।
তিনি জানান, সঠিকভাবে দাম নির্ধারণের পর অর্ণব স্টোরের মালিকের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের হবে।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা অর্ণব স্টোর বিয়েসহ বিভিন্ন উৎসবের পোশাকের জন্য ক্রেতাদের কাছে সমাদৃত।
অর্ণব স্টোরের মালিক গোপাল কৃঞ্চ নন্দী সারাবাংলাকে বলেন, আমি পোশাকগুলো আমদানি করিনি। যারা আমদানি করেন, তাদের থেকে আমি কিনেছি। এ সংক্রান্ত বৈধ কাগজপত্র আমরা তাদের দিয়েছি। কিন্তু তারা মূসক ডকুমেন্ট চেয়েছে। এই ডকুমেন্ট তো আমাদের কাছে নেই। এই অভিযান উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।
অভিযানে র্যাব এবং কোস্টগার্ডও ছিল।
সারাবাংলা/আরডি/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook