Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১৪:৫২ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ১৬:২৮

ঢাকা: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ আমলে নিয়েছেন আদালত। শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

একইসঙ্গে মামলাটি বিশষ জজ আদালত-৪ এ বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তবে এদিন আসামি মো. শাহজাহান আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, দুপুর পৌনে ১টার দিকে আদালতে আসেন ড. ইউনূসসহ অন্যান্য আসমিরা। চার্জশিটভুক্ত ১৪ আসামি হলেন—গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দফতর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম।

বিজ্ঞাপন

আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

পরে আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, আদালত পুলিশের অভিযোগ আমলে নিয়েছেন। পাশাপাশি মামলাটি বিশষ জজ আদালত-৪ এ বদলি করেছেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

সারাবাংলা/কেআইএফ/এনএস