Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের ইনিংসে দলীয় রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৪

কানপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে মাত্র ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকেই ভারত যেন খেলেছে ‘টি-২০’ মুডে। আর এতেই বাংলাদেশের বোলারদের উপর রীতিমত তান্ডব চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। অবিশ্বাস্য ব্যাটিংয়ে টেস্টে বেশ কিছু নতুন রেকর্ডও গড়েছে ভারত। টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বলে দলীয় ৫০ ও ১০০ রানের নতুন রেকর্ড গড়েছেন রোহিত-কোহলিরা।

চতুর্থ দিনে লাঞ্চের পরপরই অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে রোহিত-জসওয়াল জুটি ঝড়ের গতিতে রান তুলেছেন। মাত্র ৩ ওভারের মাঝেই ৫০ রান ছুঁয়ে ফেলে ভারত! এটি টেস্ট ইতিহাসের দ্রুততম দলীয় ফিফটি। ওই সময় পর্যন্ত জসওয়াল করেছেন ১৩ বলে ৩০ রান, রোহিতের রান ছিল ৬ বলে ১৯।

বিজ্ঞাপন

৫০ রানের পর দলীয় দ্রুততম ১০০ রানের রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে ভারত। মাত্র ১০.১ ওভারের মাথায় ১০০ রান পূর্ণ করে ভারত। তারা ভেঙেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের গড়া রেকর্ড। ওই ম্যাচে ১২.২ ওভারে ১০০ রান তুলেছিল ভারত।

এই ইনিংসে সব মিলিয়ে ১১টি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটাররা। এই বছরে এখন পর্যন্ত টেস্টে ভারতের ছক্কার সংখ্যা ৯৬টি। টেস্ট ইতিহাসে এক বছরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা।

শেষ পর্যন্ত ৩৪.৪ বলে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাদের রান রেট ছিল ৮.২২। ২০০ রানের বেশি ইনিংসের ক্ষেত্রে এটিই টেস্টে সর্বোচ্চ রানরেট। ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ৩২ ওভারে ২৪২ রান তুলেছিল অস্ট্রেলিয়া, রানরেট ছিল ৭.৫৩।

সারাবাংলা/এফএম