Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রান্সের হয়ে বিশ্রামে থাকায় সমালোচনার মুখে এমবাপে

স্পোর্টস ডেস্ক
৮ অক্টোবর ২০২৪ ১১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে গত মাসের শেষভাগে চোট পেয়েছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে অবশ্য মাঠেও ফিরেছেন কিলিয়ান এমবাপে। তবে ক্লাবের হয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। আর এই বিশ্রাম ইস্যুতেই সমালোচনার মুখে পড়েছেন এমবাপে। ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, ক্লাবের হয়ে খেললেও জাতীয় দলের খেলার সময় বিশ্রামে থাকা একেবারেই উচিত হয়নি এমবাপের।

২৪ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে বাঁ পায়ের উরুতে চোট পান এমবাপে। ধারণা করা হয়েছিল, সেরে উঠতে ৩ সপ্তাহ লাগতে পারে তার। তবে এর আগেই সুস্থ হয়ে মাঠে ফিরেছেন এমবাপে। চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে ম্যাচে তিনি খেলেছেন ৩৫ মিনিট। এই সপ্তাহে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পুরোটা সময়ই মাঠে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে মাঠে থাকলেও আসন্ন নেশনস লিগের ম্যাচে ফ্রান্সের হয়ে দেখা যাবে না তাকে। ইসরাইল ও বেলজিয়ামের বিপক্ষে দুই ম্যাচের জন্য ফ্রান্সের ২৩ সদস্যের দলে রাখা হয়নি এমবাপেকে। কোচ দিদিয়ের দেশম দল ঘোষণার সময় জানিয়েছেন, এমবাপেকে বিশ্রামে রাখা হয়েছে।

কোচের এমন ঘোষণার পর ফরাসি সংবাদমাধ্যম ও সমর্থকরা এমবাপে ও দিশমকে নিয়ে সমালোচনায় মুখর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ হয়ে লিখেছেন, ক্লাবের হয়ে খেলতে পারলেও জাতীয় দলের হয়ে অধিনায়কের বিশ্রাম নেওয়া খুবই দৃষ্টিকটু। বিশেষ করে ফ্রান্সের সাবেক ফুটবলার ম্যাক্সিম বসিস ও ফ্রান্সের ফুটবল সমর্থকদের প্রধান সংগঠনের মুখপাত্র ফাবিয়া বুনে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এই বিশ্রামের।

যদিও সমালোচনার জবাবে এখনো এমবাপে কিংবা দেশমের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আগামী ১০ অক্টোবর ইসরাইলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবেন তারা।

সারাবাংলা/এফএম