Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের ৫ দিনের রিমান্ডে দীপু মনি, সালমান, পলক ও মামুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের পতনের আট দিন পর ১৩ আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এরপর বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়।

এর এক সপ্তাহ পর ১৯ আগস্ট রাতে দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। পরদিন মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় করা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন।

এ ছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২৪ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।

দীপু মনিকে গ্রেফতারের ছয় দিন পর ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া ১ সেপ্টেম্বর পৃথক দুই হত্যা মামলায় তার তিনদিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ