Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের কর্মবিরতিতে নার্সরা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন নার্সরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা মেডিকেলসহ সারাদেশে কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সরা। এ কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত চলবে। তবে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ এ কর্মসূচির বাইরে রয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. শরিফুল ইসলাম বলেন, গত একমাস ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের কর্মসূচি চলছে। তবে দাবি না মানায় আমরা এক দফা এক দাবিতে কর্মবিরতি শুরু করি। এই কর্মবিরতি চলাকালীন সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সংস্কার পরিষদের তিনজন প্রতিনিধি আলোচনায় বসেন। সেখানে ফলপ্রসূ আলোচনা হয় এবং উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। এক দফা দাবি বাস্তবায়নের পূর্ণ আশ্বাস দেন। যার ফলে পূর্ব ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়। কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদফতরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করেন। এ কারণে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সব স্তরের নার্স এই প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। নার্স সমাজ যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পুনঃদায়িত্ব দিতে হবে। পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি পালন করা হবে। এছাড়া, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে।

সারাবাংলা/এসএসআর/ইআ