Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দরে ১৭ ঘন্টা আটকে থাকায় নাইজেরিয়ার ম্যাচ বয়কট!

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কত অদ্ভুত কারণেই বিভিন্ন সময় ম্যাচ বয়কট করে অনেক দল। তবে আফ্রিকান কাপ অফ নেশনসের বাছাইপর্বের ম্যাচ যে কারণে বয়কট করেছে নাইজেরিয়া, সেটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। লিবিয়ায় খেলতে গিয়ে বিমানবন্দরে খাবার-পানি ছাড়া প্রায় ১৭ ঘণ্টা অবরুদ্ধ থাকায় ম্যাচ না খেলেই দেশে ফিরছে নাইজেরিয়া ফুটবল দল!

লিবিয়ার বেনগাজিতে আফকনের বাছাইপর্বের ম্যাচ খেলতে রওনা দিয়েছিল নাইজেরিয়া ফুটবল দল। তবে বিমান চালক নির্ধারিত ল্যান্ডিংয়ের জায়গা থেকে সরে গিয়ে বিমান নামিয়েছে ২৫০ কিলোমিটার দূরের বিমানবন্দরে! বিমান থেকে নেমে নাইজেরিয়া দল পড়েছে আরও বড় সমস্যায়। ছোট্ট এই বিমানবন্দরে তাদের জন্য ছিল না ন্যূনতম সুযোগ সুবিধাও। বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারীরা এমন অবস্থায় তাদের ফেলেই বাড়ি ফিরে গিয়েছেন! নাইজেরিয়া দলকে টিম হোটেলে নিয়ে যাওয়ার জন্য নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এমনকি খাবার, পানি, মোবাইল ইন্টারনেট কিছুই ছিল না সেখানে।

বিজ্ঞাপন

নাইজেরিয়ান ফুটবলারদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে পোস্ট করেছেন সেই সময়কার ছবি। সেখানে দেখা গেছে, কেউ বেঞ্চে, কেউ ব্যাগের উপরে শুয়ে আছেন। পরবর্তীতে বাসে করে তাদের টিম হোটেলে নেওয়ার প্রস্তাব দিলেও দীর্ঘ এই পথ বাসে যেতে অস্বীকৃতি জানায় তারা। এরপর ঘোষণা আসে, লিবিয়ার বিপক্ষে ম্যাচ না খেলেই দেশে ফিরছেন সবাই।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, চরম এই অব্যবস্থাপনার কারণেই বাছাইপর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা, ‘হঠাৎ করেই আমাদের দলের বিমান শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে ছোট বিমানবন্দরে নামানো হয়। সেখানে চরম অব্যবস্থাপনায় আমাদের ফুটবলারদের কষ্ট হয়েছে। তাদের হোটেলে নেওয়ার সুব্যবস্থাও করা হয়নি। সবকিছু মিলিয়ে আমাদের ফুটবলাররা এই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।’

এই ঘটনায় পরবর্তীতে ক্ষমা চেয়েছে লিবিয়ান ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত এই ম্যাচের পয়েন্ট কীভাবে ভাগাভাগি হবে সেটাই বড় প্রশ্ন।

সারাবাংলা/এফএম