Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতাল থেকে হতাহতের তথ্য লোপাটকারীর শাস্তি দেবে সরকার

সারাবাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪ ২১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের সময় হতাহতদের তথ্য ও কাগজপত্র হাসপাতাল থেকে সরানোর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আহত-নিহতদের একটা ভেরিফাইড তালিকা হয়েছে। এই তালিকা করতে গিয়ে একটি বিষয় আমাদের ভোগাচ্ছে, শহিদ বলেন, আর আহত বলেন, উভয় ক্ষেত্রে। সে সময় হাসপাতালগুলো থেকে কাগজপত্র সরিয়ে ফেলার একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে আমরা অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতাল থেকে ক্রসচেক করতে পারছি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের কাছে ভেরিফাইড লিস্ট বাদেও আরেকটা লিস্ট আছে। সেটাকে আমাদের একটু মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করে আনতে হচ্ছে।’

যারা কাগজপত্র সরিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে সকল হাসপাতাল থেকে এ রকম কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে। যারা নির্দেশ দিয়েছেন, যারা কাগজপত্র সরিয়েছেন তাদের সকলের বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমরা সেই দোষীদেরকে শাস্তির মুখোমুখি করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তথ্যসূত্র: বাসস।

সারাবাংলা/এসআর