Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচনের সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।

শনিবার ( ১৯ অক্টোবর) এক বিবৃতিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়র উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেছেন। বিবৃতিটি প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

নির্বাচন নিয়ে একটি ব্যাখা সংক্রান্ত বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন- সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।’

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গনমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সঙ্গে বলছি, এটা সঠিক নয়।’

আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।’

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আরো