Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে শূন্যতা কাম্য নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আপনারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ চান কি না— এমন প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট তৈরি করবে, সাংবিধানিক সংকট তৈরি করবে— যেটা জাতির কাম্য নয়।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। পদত্যাগের মাধ্যমে এই পদে হঠাৎ করে শূন্যতা তৈরি হলে রাষ্ট্র সংকটে পড়বে। রাষ্ট্রীয় সংকট তৈরির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথ বিলম্বিত হয়, বাধাগ্রস্ত হয় বা কণ্টকাকীর্ণ হয়, তা জাতির কাম্য নয়।’

বিজ্ঞাপন

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সে জন্য আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধভাবেই এ সব ষড়যন্ত্রের মোকাবিলা করব।’

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সারাবাংলা/এজেড/টিআর