Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতকে উড়িয়ে দিয়ে সাফের সেমিতে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪ ২২:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে ড্র করে শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার। তবে মেয়েদের সাফ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নারী সাফ ফুটবলের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় ছিল বাদ পড়ার শঙ্কাও। ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে কোচের সাথে ফুটবলারদের মনমালিন্য নিয়ে বেশ আলোচনায় ছিল বাংলাদেশ দল। তবে মাঠে এসবের কোন প্রতিফলনই দেখা যায়নি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ভারতকে থিতু হতে দেয়নি বাংলাদেশ। অবশেষে ১৮তম মিনিটে লিড পায় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে পাওয়া বলে আফিদার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল পায় বাংলাদেশের মেয়েরা। ঋতুপর্ণার ক্রসে বল জালে জড়ান তহুরা।

হাফ টাইমের ঠিক আগে দলের তৃতীয় গোল করে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন সেই তহুরাই। শামসুন্নাহারের বাড়ানো বলে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। এর পরের মিনিটেই ব্যবধান কমান ভারতের বালা দেবি। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিতে পৌঁছে গেছে বাংলাদেশ। ভারত গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে পৌঁছে গেছে।

সারাবাংলা/এফএম