Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘খেলোয়াড়দের নিরাপত্তায় আশঙ্কার কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৪ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবার কোনো চ্যালেঞ্জ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশনার হাসিব আজিজ বলেন, ‘বরাবরের মতো এবারেও আমরা নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ করতে পারব। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করে আমরা কারও মনে ভীতির সঞ্চার করতে চাই না। বিদেশিরা নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি তেমন পছন্দ করে না। যতটা কম দৃশ্যমান নিরাপত্তা রাখা যায় আমরা সে লক্ষ্যে কাজ করছি। নিরাপত্তা যা আছে সেটা দিয়ে আমরা খেলা শেষ করতে পারব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২৯ অক্টোবর থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের টেস্ট খেলা শুরু হবে। এটা একটি আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচের নিরাপত্তা ব্যবস্থার মহড়া দেখার জন্য আমরা এখানে এসেছি। এটা আমাদের একটি রুটিন কাজ। বড় যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। আমরা এখানে আজ সোয়াটের একটি মহড়া দেখলাম। সোয়াট জরুরী প্রয়োজনে খেলোয়াড়দের নিরাপত্তা দেবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আমাদের ডগ স্কোয়াডের কে- নাইন ইউনিটও প্রস্তুতি নিয়েছে। পুলিশের বিশেষ শাখার সদস্যরাও মাঠ ও গ্যালারিতে নিরাপত্তা মহড়া দিয়েছে। ট্রাফিক পুলিশেরও প্রস্তুতি আছে। খেলোয়াড়রা যেখানে থাকবেন সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

খেলোয়াড়দের নিরাপত্তায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। আমাদের অন্যন্য স্কোয়াডের সদস্যরা প্রস্তুত আছে। আমরা ফাইনাল রিহার্সাল আজ করে ফেললাম। আমরা আজ মাঠটির পুরোপুরি দায়িত্ব গ্রহণ করলাম। কাউন্টার টেরোরিজম, কে-নাইন ও বিশেষ শাখার ইউনিটের সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত আছে।’

কোনো হুমকি আছে কিনা জানতে চাইলে হাসিব আজিজ বলেন, ‘কোনো থ্রেট নেই।’

সোয়াত, ছবি: শ্যামল নন্দী

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আবদুল মান্নান মিয়া, (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা ও অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ উপস্থিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ম্যাচের চতুর্থ দিনেই প্রথম টেস্ট শেষ হয়। নাজমুল হোসেন শান্তদের দেওয়া ১০৬ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই তুলে নেয় সফরকারী এইডেন মার্করামের দল। ফলে দ্বিতীয় টেস্ট হবে টাইগারদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।

সারাবাংলা/আইসি/এইচআই