Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান বাংলার তাপস কারাগারে, রিমান্ড শুনানি ৬ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:১৫

টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। ছবি: সারবাংলা।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। এর আগে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

এদিন বিকেলে তাকে আদালতে হাজির করে তার সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। এসময় উত্তরার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াক নামে এক ব্যক্তির পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপসকে ৯ নম্বর আসামি করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসআর
বিজ্ঞাপন

রূপসা সেতুতে মানুষের ঢল
২৩ মার্চ ২০২৬ ১০:১০

আরো