Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার পতনে ভারত অসন্তুষ্ট: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতনে পার্শ্ববর্তী দেশ ভারত খুবই অসন্তুষ্ট হয়েছে। তাদের হৃদয়ে এখন ভয়ংকর জ্বালা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিএফডিসির সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠান আয়োজন করে।

রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা অসম একটি চুক্তি করেছিলেন আদানি গ্রুপ লিমিটেডের সঙ্গে, যারা ভারতে বিদ্যুৎ উৎপাদন করে। অনেক বকেয়া রেখে গেছেন শেখ হাসিনা। সেই বকেয়া কমানোর জন্য বর্তমান সরকার চেষ্টা করছে। অনেক টাকা পরিশোধ করেছে। তারপরও উনারা (ভারত) সন্তুষ্ট নন। উনারা বাংলাদেশে যে বিদ্যুৎ দেয় সেই বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিয়েছে, হুমকি দিয়েছে যে, ‘আমরা টোটালি বিদ্যুৎ বন্ধ করে দেব।’ কেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই, এই জন্য? এই জন্যই কি আপনাদের এত রাগ? এত ক্ষোভ?’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব, আপনাদের সঙ্গে গণতন্ত্র হত্যাকারীদের সম্পর্ক, আপনাদের সঙ্গে বাংলার জনগণের সম্পর্ক নেই। আপনারা খুবই অসন্তুষ্ট হয়েছেন। আপনাদের হৃদয়ে ভয়ংকর জ্বালা শেখ হাসিনা নাই তাই।’

রিজভী বলেন, ‘‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা হচ্ছে শেখ হাসিনা ভার্সেস ভারত। বাংলাদেশ আর ভারত নয়, ভারতের পলিসি মেকারদের সঙ্গে এই সম্পর্ক।’’

ভারতের নীতি নির্ধারকদের উদ্দেশে রিজভী বলেন, ‘‘আপনাদের একটা নীতি আছে আমরা জানি। যখন একটি উপমহাদেশ ছিল, যখন এই উপমহাদেশে স্বাধীনতার আন্দোলন চলছে এবং ওই সময় যখন আরো অনেক স্বাধীনতার জন্য আন্দোলন করা হচ্ছে,তখন তাদেরই একজন স্বাধীনতা সংগ্রামী নেতা এটিকে পছন্দ করেননি। তার একটি বই আছে ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ যেটার রচয়িতা তাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেখানে এক জায়গায় তিনি বলেছেন তোমরা যারা এখানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করছ, কেউ খালিস্থান রাষ্ট্রের জন্য আন্দোলন করছে, এটা টিকবে না, তোমাদেরকে আমরা একটা সাংস্কৃতিক সাহিত্য শাসন দিতে পারি, কিন্তু তোমাদেরকে স্বাধীন পলিটিক্যাল ইউনিট দেব না।’

‘‘কিন্তু আপনারা কি তাতে সার্থক হয়েছেন? বাংলার মানুষ যেমন স্বাধীনতা প্রিয়, বাংলার মানুষ যেমন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ ঠিক তেমনি তারা গণতন্ত্র প্রিয়। সুতরাং কর্তৃত্ববাদী, দুঃশাসন, একদলীয় দূঃশাসন এবং জনগণের ওপর স্টিমরোলার চালিয়ে আপনারা কখনওই আপনাদের প্রতিভূকে টিকিয়ে রাখতে পারবেন না’’— বলেন রুহুল কবির রিজভী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাংগঠনিক সম্পাদক সিবা শানু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইথুন বাবু, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর