Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমন হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৯:৫২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানা তাঁতী লীগ সভাপতি মো. ইকবাল হোসেন (৪২) গ্রেফতার

ঢাকা: পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানা তাঁতী লীগ সভাপতি মো. ইকবাল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ।

বুধবার (১৩ নভেম্বর) ভোর রাতের দিকে রূপনগর থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে আরো অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল ইমন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইমন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

আহত ইমনকে স্থানীয় ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ইকবালকে রূপনগর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউআর
বিজ্ঞাপন

আরো