Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভাসানীর পক্ষে কথা বলা মানে স্বাধীনতার পক্ষে কথা বলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ২৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ভাসানীর পক্ষে কথা বলা মানে স্বাধীনতার পক্ষে কথা বলা, এ দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।

সোমবার (১৮ নভেম্বর) মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কবি আব্দুল হাই শিকদার বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন স্বাধীন জনগণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা। ১৯৪৮ সালে পূর্ববাংলার স্বাধীনতার কথা বলেন তিনি। একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে ৫২’র ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন ভাসানী। ৫৪’র জাতীয় নির্বাচন, ৬৯’র গণঅভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।’

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় ঐক্য বিনষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সবাই মিলে আগামী দিনে সরকার গঠন করতে হবে। আমাদের ঐক্য নষ্ট হলে পতিত স্বৈরাচাররা আবার ফিরে আসবে।’

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল।

মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আব্দুল্লাহ হোসেন বাচ্চু, ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলু প্রমুখ।

সারাবাংলা/পিটিএম