Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ২১:৩৭ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ২২:০০

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৪ অক্টোবর) রাত ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় এনসিপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত লালন আখড়া দেখতে গিয়েছিলেন। আখড়াবাড়িতে প্রবেশের সময় হঠাৎ করেই কিছু লোক গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একটি ভিডিওতে হামলার পর নেতকার্মীদের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে দূরে সরিয়ে নিতে দেখা যায়।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার এনসিপি নেতা শোভন আহমেদ জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন মাজারে এসেছিলেন। স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশন গান শোনার পর বাইরে বের হলে হঠাৎ করেই কিছু লোকজন তার ওপরে হামলা করে ও ধাওয়া দেয়। পরে তাকে নিয়ে লালন মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। কারা হামলা করেছে, বলার মতো অবস্থা নেই। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী এসেছেন কাউকে জানায় নাই। পাশাপাশি লালন শাহের মাজারে যারা আছেন, এনসিপি বা অন্যান্য সংগঠন তারাও জানে না। আমি সংবাদ পাই এখানে তিনি এসেছেন এবং তার উপরে হামলা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে চলে আসি এবং দেখি তিনি নিরাপদে লালন সাহেব মাজারের ভিতরে আছেন। তিনি আমাকে জানান, আমার একটু নিরাপত্তার দরকার, পরে আমারা তাকে প্রটোকল দিয়ে সেফযোনে নিয়ে যায়। তখন আমি তাকে বলি আপনাকে আমরা প্রোটোকল দেই, তিনি বলেন, আপনার প্রটোকলের প্রয়োজন নেই।’

ওসি আরও বলেন, ‘উনি এখনো আমাকে কিছু বলেনি, উনি শুধু বলেছেন আমি মামলা করব। অভিযোগ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।’

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য জানতে তিনি হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর