Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনাহাট স্থলবন্দরে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সভা ডাকায় উত্তেজনা বিরাজ করায় উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌসের সই করা এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কোথাও সভা সমাবেশ করা যাবে না। এমনকি একই স্থানে পাঁচজনের বেশি মানুষ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে স্থল বন্দরের একইস্থানে সভা আহ্বান করে দুটি গ্রুপ। এতে উত্তেজনা বিরাজ করে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভূরুঙ্গামারী উপজেলা জুড়ে ১৪৪ ধারা বলবৎ থাকার কথা জানানো হয়। এ সময় উপজেলায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক মানুষ একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই এ আদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওই সময় উল্লেখিত স্থানগুলোর কোথাও কোনো ধরণের সভা-সমাবেশ করা যাবে না।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সারাবাংলা/ইআ