Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনজীবী খুনের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি

স্পেশাল করসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে ওই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর সারাবাংলাকে জানিয়েছেন, জবানবন্দি রেকর্ডের পর আসামি চন্দন দাসকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ ডিসেম্বর ভোরে কিশোরগঞ্জের ভৈরব থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি চন্দন দাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতের নির্দেশে তাকে সাতদিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার চন্দনকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিনঘণ্টা আটকে থাকার পর একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী সমিতি এ হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে আসছে। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

সারাবাংলা/আরডি/এইচআই