Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুর থেকে ৭০৮ কোটি ৫৫ লাখ টাকার এলএনজি আমদানি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে এক কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২০২৫ সালের ৪-৫ জানুয়ারি) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদক কমিটি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই এলএনজি আমদানির প্রস্তাব নিয়ে আসে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, পেট্রোবাংলা থেকে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) সইকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ০২ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৭০৮ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৮৮০ টাকা।

সারাবাংলা/জিএস/ইআ/আরএস