Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোদির পোস্টের তীব্র প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘..তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।’

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এর আগে বিজয় দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসনাত আবদুল্লাহ মোদির পোস্টের স্ক্রিনশটও ফেসবুকে যুক্ত করে দিয়েছেন।

বিজ্ঞাপন

একাত্তরের বিজয়কে নিজেদের বলে দাবি পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

এই পোস্টের তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ফেসবুকে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’

তিনি বলেন, ‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।’

হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, ‘ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’

সারাবাংলা/ইএইচটি/ইআ