Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশে প্রকল্পে দুর্নীতি: যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। এ ঘটনায় টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার (২২ ডিসেম্বর) টাইমস ম্যাগাজিনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, টিউলিপ সিদ্দিককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়। আর খবরটি সামনে আসে রোববার। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতে পরিবারকে সহায়তার অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যম সানডে টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রেজারি বিভাগের ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য একটি চুক্তিতে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে ১০ বিলিয়ন পাউন্ডের এ প্রকল্পে সহায়তা করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিউলিপ ন্যায় ও নৈতিকতা দলের সঙ্গে দেখা করে এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্র বলেন, টিউলিপ সিদ্দিক অভিযোগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তির ক্ষেত্রে ২০১৩ সালে মধ্যস্থতা করেছিলেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বন্ধু এবং তার নির্বাচনি এলাকার পাশের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট থেকে প্রতিনিধিত্ব করেন।

সারাবাংলা/এসডব্লিউ