Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে প্রধান উপদেষ্টাকে মান্নার আহ্বান

স্পেশাল করেসপডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি একা পারছেন না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একতাই দেশ গড়ার মূলমন্ত্র। একপাক্ষিক উদ্যোগে কোনো অগ্রগতি সম্ভব নয়। রাজনৈতিক দল যদি কেবল দখলদারিত্বের রাজনীতি করতে চায়, তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরামের মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরসহ দলটির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্যের সভাপতি মান্না ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গ টেনে বলেন, ‘বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সাহস দেখাতে পারেনি বলে আন্দোলনের সময় মূল নেতৃত্ব ছাত্র-জনতা গ্রহণ করেছিল। তখন কোনো রাজনৈতিক দলই আন্দোলনের মূল ধারায় ছিল না। এটাই ছিল এই আন্দোলনের একটি বিরাট বৈশিষ্ট্য।’

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা ছিল শোষণ, নির্যাতন ও বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার। দেশের মানুষ এখন পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তিত দল ও নতুন ধরনের রাজনীতি চায়। জেন জি-র আন্দোলনের মূল কথা ছিল বিষাক্ত ও আপসমুখী জীবনযাপন থেকে মুক্তি। সাহসের সঙ্গে সরকারের নির্মমতার বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছিল তারা।’

সারাবাংলা/এএইচএইচ/ এইচআই