Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনা চোরাচালান: শাহ আমানতে প্রথমবার বিমানের ফ্লাইট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: সোনা চোরাচালানের দায়ে এবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জব্দ করেছে চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা বিভাগ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটাই প্রথম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর নামের ফ্লাইটটি জব্দ দেখানো হয়েছে।

এ দিন সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে দুই কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়, যার দাম প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় আতিয়া সামিয়া নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়।

বিজ্ঞাপন

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা মনে করছি এত বড় একটি চালান একজন যাত্রীর পক্ষে একা লুকিয়ে আনা সম্ভব নয়। এখানে বিমানের মধ্যে থাকা স্টাফরাও জড়িত। তাই আমরা বিমানটি জব্দ করেছি। তবে বিমানটি তার রুটিন অনুযায়ী চলাচল করতে পারবে।’

‘জব্দ করার নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়েছি। আমরা অফিশিয়ালি বিমানের পাইলট ও ক্রুদের জবাবদিহিতার আওতায় আনব। ডক্যুমেন্টসগুলো খতিয়ে দেখব। বিমানের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ আমরা দেখব,’— বলেন কাস্টমসের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘যে নারীকে গ্রেফতার দেখানো হয়েছে তিনি সোনা চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দুবাইয়ের একটি জুয়েলারি দোকানের বিক্রয়কর্মী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

সারাবাংলা/আইসি/আরএস