Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মনমোহনের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। এই সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

মনমোহনের মৃত্যুতে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতে সব ধরনের সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন বেলা ১১টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এছাড়া শোকের সময় দেশটির জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হবে।

এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ আগামী সাতদিনের সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কয়েকদিন দলের পতাকাও অর্ধনমিত রাখা হবে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) মারা যান এই সফল অর্থনীতিবিদ ও রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও।

মনমোহন সিংয়ের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা মোদি লিখেছেন, ‘দেশ একজন বড় নেতাকে হারালো। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিয়মিত কথা হতো। প্রশাসনিক নানা কথাবার্তা হতো।’

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন ভারতের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও মনমোহন সিং পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুই দফায় সব মিলিয়ে ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ