Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান জানালেন চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শেখ হাসিনার ‘হেট স্পিচ’ (বিদ্বেষমূলক বক্তব্য) গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা দেখছি যে, শেখ হাসিনা ভারতে বসে হেট স্পিচ দিয়ে যাচ্ছেন। হুমকি-ধামকি দিচ্ছেন। সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। বিচারকে বাধাগ্রস্ত করার জন্য তিনি এসব করছেন।

তিনি বলেন, ট্রাইব্যুনালের আদেশ রয়েছে যে, শেখ হাসিনার হেট স্পিচ প্রচার না করার। এরপরও দেখছি, কিছু গণমাধ্যমে শেখ হাসিনার হেট স্পিচ প্রচার করছে। আমরা তার হেট স্পিচ প্রচার না করার অনুরোধ করবো। ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত ও বাধাগ্রস্ত করে শেখ হাসিনার এমন বক্তব্য যদি প্রচার অব্যাহত রাখা হয়, তাহলে আমরা পদক্ষেপ নেওয়ার কথা ভাবব।

বিজ্ঞাপন

এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল বলেছেন, তার আবেদনটি অপরিপক্ক। কারণ এ মামলার তদন্ত এখনও চলমান। এরপর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/আরএস
বিজ্ঞাপন

আরো