Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফ পাহাড়ে জিম্মি দশা থেকে শিশুসহ উদ্ধার ১৫, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত ছয় শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অপহরণ চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্চপিয়ার অভিযান চালিয়ে গহিন পাহাড়ের আস্তানায় জিন্মি দশা থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা। তারা উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটকরা হলেন- বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া করাচি পাড়ার নুরুল কবিরে ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

আটক অপহরণ চক্রের দুই সদস্য মো. হারুন ও নুর মোহাম্মদ। ছবি: সারাবাংলা।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, টেকনাফ থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ে অভিযান চালায়। এ সময় টের পেয়ে ১০-১৫ জন পালিয়ে গেলেও অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অপহৃতরা জানিয়েছেন মুক্তিপণের জন্য তাদের আটক করে রাখা হয়। সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত বাংলাদেশি ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যে জানা গেছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২০৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

সারাবাংলা/এসআর