Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুঞ্জনটা ছিল অনেক আগে থেকেই। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ছাড়ছেন নেইমার, শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। শেষ পর্যন্ত নেইমারের সাথে চুক্তি বাতিল করল আল হিলাল। আর এতেই শৈশবের ক্লাব সান্তোসে ফেরায় আর কোনো বাধা থাকল না নেইমারের।

২০২৩ সালের আগস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে এই ক্লাবের প্রায় পুরোটা সময়জুড়েই লড়েছেন ইনজুরির সাথে। ব্রাজিলের হয়ে খেলতে নেমে পড়েছিলেন লিগামেন্টের ইনজুরিতে। এতে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফিরে আবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন নেইমার।

আল হিলালের হয়ে দেড় বছরে মাত্র ৭ ম্যাচে মাঠে নামতে পেরেছেন নেইমার। দ্বিতীয়বার ইনজুরিতে পড়ার পর থেকেই শোনা যাচ্ছিল, ইনজুরিতে জর্জরিত নেইমারকে আর রাখতে চাচ্ছে না আল হিলাল। নেইমারও শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে চান, ধারণা করা হচ্ছিল এমনটাই।

বিজ্ঞাপন

এই বছরের জুন পর্যন্ত নেইমারের সাথে চুক্তি ছিল আল হিলালের। অবশেষে চুক্তি শেষ হওয়ার ৬ মাস আগেই সেটা বাতিল করল ক্লাব। আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের সম্মতিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, ‘ক্লাবের হয়ে নেইমার যা করেছেন সেটার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তার ভবিষ্যৎ ক্যারিয়ারে সাফল্য কামনা করি।’

আল হিলাল থেকে বিদায়ের পর নেইমারের সম্ভাব্য গন্তব্য ব্রাজিলের ক্লাব সান্তোস। এই ক্লাবের হয়েই শুরু হয়েছিল নেইমারের তারকা হয়ে ওঠার যাত্রা। সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেছেন নেইমার। অল্প কিছুদিনের মাঝেই আনুষ্ঠানিকভাবে সান্তোসে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো