Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোহলি খেলবেন তাই সরাসরি সম্প্রচার রঞ্জির ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ১৩ বছর পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামবেন তিনি। বিরাট কোহলির রঞ্জিতে ফেরায় সাজসাজ রব দিল্লি-রেলওয়ে ম্যাচের ভেন্যুজুড়েই। এবার কোহলির এই ফেরাকে স্মরণীয় করে রাখতে দিল্লির এই ম্যাচ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তও নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড। আর এতেই এক যুগ পর রঞ্জিতে ফিরেছেন জাতীয় দলের অনেকেই।

রোহিত-জাদেজাদের মতো রঞ্জির ম্যাচে মাঠে নামবেন কোহলিও। দিল্লির হয়ে এরই মাঝে অনুশীলনও শুরু করেছেন তিনি। অনুশীলনকে ঘিরে মাঠে পুরোটা সময়ই উৎসুক জনতার ভিড় দেখা গেছে। দিল্লি-রেলওয়ে ম্যাচেও প্রচুর দর্শক সমাগমের আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কোহলির রঞ্জিতে ফেরার এই ম্যাচটা এবার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। রঞ্জির প্রতি রাউন্ডের একটি বড় ম্যাচ টিভিতে সরাসরি দেখানো হয়, অন্য দুটি বড় ম্যাচ সরাসরি স্ট্রিমিং করা হয়। এই রাউন্ডের বড় তিন ম্যাচের তালিকায় ছিল না দিল্লির নাম। তবে কোহলির খেলার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ম্যাচ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছেন, দিল্লির ম্যাচটি জিও সিনেমা সরাসরি সম্প্রচার করবে। একই সাথে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রেলওয়ের বিপক্ষে এই ম্যাচে থাকছে না কোনো টিকিট। টিকিট না থাকায় দর্শক সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন তারা।

আগামী ৩০ জানুয়ারি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সকাল ১০টায় মাঠে নামবে দিল্লি-রেলওয়ে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো