Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লারা-গাভাস্কারকে ছাড়িয়ে নতুন উচ্চতায় স্মিথ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাট হাতে গত কয়েক বছর ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ভারতের বিপক্ষে দেশের মাটিতে সেঞ্চুরি করে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন স্টিভ স্মিথ। শ্রীলংকা সফরের প্রথম দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি পেলেন এই সফরের জন্য অজিদের অধিনায়ক স্মিথ। টেস্ট ক্যারিয়ারের ৩৫ তম সেঞ্চুরিতে স্মিথ ছাড়িয়ে গেলেন ব্রায়ান লারা-সুনীল গাভাস্কারকে।

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে শ্রীলংকা সফরে দলের নেতৃত্ব পেয়েছিলেন স্মিথ। টেস্টে ১০ হাজার রান থেকে এক রান দূরে থেকেই আজ ক্রিজে নেমেছিলেন তিনি। গলে নিজের প্রথম বলেই স্মিথ পূর্ণ করেছেন ১০ হাজার রান। ১৫তম ক্রিকেটার ও চতুর্থ অজি ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি।

বিজ্ঞাপন

১০ হাজার রানের কীর্তির দিনে সেঞ্চুরিও তুলে নিয়েছেন স্মিথ। লংকান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে দিনের শেষ প্রান্তে এসে তিন অংক ছুঁয়েছেন তিনি। ওপেনার উসমান খাজার সাথে সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। ১০ চার ও এক ছয়ে ১৮৮ বলে ১০৪ রানে অপরাজিত আছেন স্মিথ।

টেস্টে এটি স্মিথের ৩৫তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে স্মিথ ছাড়িয়ে গেছেন লারা, গাভাস্কার, মাহেলা জয়াবর্ধনে ও ইউনিস খানকে। তারা সবাই করেছেন ৩৪ সেঞ্চুরি।

অজি ব্যাটারদের মাঝে স্মিথের চেয়ে এগিয়ে আছেন শুধু রিকি পন্টিং। পন্টিং করেছেন ৪১টি সেঞ্চুরি। ৫১টি সেঞ্চুরি করে সবার উপরে আছেন শচীন। সব মিলিয়ে স্মিথের চেয়ে এগিয়ে আছেন ৬ ব্যাটার।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো